সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শহীদ জিয়া মহৎ চরিত্র গঠনের আদর্শ দৃষ্টান্ত: মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৩৭ পিএম

শহীদ জিয়া মহৎ চরিত্র গঠনের আদর্শ দৃষ্টান্ত: মির্জা ফখরুল

আগামীকাল সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে রোববার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিশেষ বাণী দিয়েছেন। বাণীতে তিনি জিয়াউর রহমানকে একজন স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করে বলেন যে দেশপ্রেম, সাহস ও সততার প্রতীক হিসেবে জিয়া দেশের জন্য অসামান্য অবদান রেখে গেছেন। 

মির্জা ফখরুল উল্লেখ করেন যেকোনো ব্যক্তির মহৎ চরিত্র গঠনে শহীদ জিয়া হচ্ছেন এক আদর্শ অনুকরণীয় দৃষ্টান্ত। তার প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনেই আমাদের জাতিসত্তার সঠিক স্বরূপ ফুটে ওঠে যা দেশের ভৌগোলিক ও রাজনৈতিক পরিচয়কে সুনির্দিষ্ট করে।

মহাসচিব তার বাণীতে জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদানসমূহ স্মরণ করে বলেন ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি দেশবাসীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা দিয়েছিলেন। 

রণনায়ক হিসেবে জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের কাছে সমাদৃত। উত্তর-স্বাধীন বাংলাদেশে যখন গণতন্ত্র বিপন্ন হয়েছিল তখন ৭ই নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তিনি রাষ্ট্রক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তার শাসনামলে কৃষি বিপ্লব, গণশিক্ষা কার্যক্রম এবং সেচ ব্যবস্থার আধুনিকীকরণে ১৪০০ খাল খনন কর্মসূচি দেশকে স্বনির্ভরতার পথে নিয়ে যায়। 

দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট ‘সার্ক’ গঠনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক মণ্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছিলেন। এই মহান নেতার জন্মবার্ষিকীতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।