জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:২১ পিএম
জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, গত শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
এই পরিস্থিতিতে তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং তার অবর্তমানে অনুসারীদের প্রতি বিশেষ কিছু অনুরোধ জানিয়েছেন। আমীর হামজা তার পোস্টে স্পষ্ট করে বলেন যে, যেকোনো পরিস্থিতির জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত থাকলেও তার পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।
ফেসবুক স্ট্যাটাসে মুফতি আমির হামজা লেখেন, ‘আপনাদের কাছে অনুরোধ রইলো, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন।
তার এই পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করে। অনেকেই তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। কুষ্টিয়ার স্থানীয় রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপটে ইনসাফ কায়েমের যে আন্দোলনের কথা তিনি উল্লেখ করেছেন, তার জের ধরেই এই হুমকি আসতে পারে বলে সাধারণ মানুষ ধারণা করছেন।
মুফতি আমির হামজা দেশের একজন আলোচিত বক্তা এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তাকে বেশ সরব থাকতে দেখা গেছে। বিশেষ করে তার নিজ এলাকা কুষ্টিয়াতে বিভিন্ন সংস্কারমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পর থেকেই তিনি নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
তবে কারা বা কোন পক্ষ থেকে এই হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কোনো নাম প্রকাশ করেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন