সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এক দিনেই ৭ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ০১:৪২ পিএম

এক দিনেই ৭ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশব্যাপী ম্যারাথন নির্বাচনী প্রচার অভিযানে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রচারণার প্রথম দিনেই তিনি দেশের সাতটি গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার উপদেষ্টা ড. মাহাদী আমিন এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। 

তিনি জানান যে তারেক রহমান আজ বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানে করে সিলেট পৌঁছাবেন এবং গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বৃহস্পতিবার সকাল থেকে তার ব্যস্ত নির্বাচনী সফর শুরু হবে। কর্মসূচির সূচি অনুযায়ী তিনি প্রথমে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন। 

এরপর ধারাবাহিকভাবে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী পৌর এলাকা এবং সবশেষে নারায়ণগঞ্জের গাউছিয়ায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। 

ম্যারাথন এই প্রচারণা শেষে বৃহস্পতিবার গভীর রাতেই তিনি ঢাকায় ফিরবেন। সংবাদ সম্মেলনে মাহাদী আমিন আরও জানান যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে তারেক রহমান প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সফরসঙ্গী হিসেবে রাখবেন। সিলেটের এই সফরে তার সাথে থাকছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও মামুন হাসানসহ বেশ কয়েকজন তরুণ নেতা। এছাড়া নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ বুধবার রাত ১২টা ১ মিনিটে ঢাকার একটি হোটেলে বিএনপির নির্বাচনী থিম সং উদ্বোধন করবেন রুহুল কবির রিজভী।

 বিএনপি আশা করছে যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকবে এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে ভোটার আইডি কার্ড বা বিকাশ নম্বর সংগ্রহের মতো যেকোনো অপতৎপরতা রুখতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে দলটি। সিলেটের পর তারেক রহমানের পরবর্তী সফর হবে চট্টগ্রাম বিভাগে।