সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রোববার ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৬, ০৫:১৩ পিএম

রোববার ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণার কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী রোববার (২৫ জানুয়ারি) তিনি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জ—এই চার জেলায় দিনব্যাপী একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

টানা প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান এই সফরে ভোটারদের সামনে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরবেন বলে জানা গেছে। চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনকে বিএনপি তাদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে একটি বিশেষ ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন তারেক রহমান। 

এই অনুষ্ঠানে তিনি দেশের বিশিষ্ট নাগরিক, ব্যবসায়ী ও পেশাজীবীদের সাথে দলের নীতিগত অবস্থান এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। এরপর বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এই সমাবেশকে সফল করতে চট্টগ্রাম বিভাগজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা আশা করছেন এই সমাবেশটি একটি স্মরণীয় জনসমুদ্রে পরিণত হবে।

চট্টগ্রামের কর্মসূচি শেষ করে তারেক রহমান সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা করবেন এবং সেখানে ফেনী পাইলট কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেবেন। এরপর পর্যায়ক্রমে কুমিল্লার তিনটি গুরুত্বপূর্ণ স্থান—চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দিতে জনসভা করবেন তিনি। দিনের শেষ ভাগে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে একটি পথসভায় অংশ নিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন। সকল কর্মসূচি শেষে রাতে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হবেন। বিএনপি নেতারা মনে করছেন এই ঝটিকা সফরের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের মনোবল আরও চাঙ্গা হবে এবং ভোটের মাঠে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।