জানুয়ারি ২৪, ২০২৬, ১১:৫২ এএম
নির্বাচনী গণসংযোগ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ফজরের নামাজের পর থেকে প্রচার শুরু করার কিছুক্ষণ পর তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। এরপরই তার সারাদিনের পূর্বঘোষিত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ সকাল সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।শামিল আবদুল্লাহ জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী আজ ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে গণসংযোগ করেন।
কাজ শেষে তিনি হঠাৎ শারীরিক দুর্বলতা ও অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে বিশ্রাম ও চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি সুস্থ বোধ করলেই পুনরায় নির্বাচনী কার্যক্রমে ফিরবেন।
পরবর্তী কর্মসূচির সময় ও স্থান গণমাধ্যম ও সমর্থকদের বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।অসুস্থ হওয়ার ঠিক আগেই সকালে শান্তিনগর বাজারে একটি গণসংযোগে অংশ নিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে এক পথসভায় তিনি বলেন, "চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।" তিনি আরও বলেন, যারা তাদের ভয় দেখাতে আসবে, তাদের ধৈর্যের সাথে এবং শান্তির পথে মোকাবিলা করা হবে। নির্বাচনী প্রচারণায় যেকোনো বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার করেন তিনি।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ তার পলওয়েল মার্কেট, পি ডব্লিউ কলোনি এবং নয়াপল্টন এলাকায় বড় ধরণের গণসংযোগ করার কথা ছিল। এছাড়া জোহরের পর পুরানা পল্টন, বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকায় পথসভা ও কুশল বিনিময়ের কর্মসূচি নির্ধারিত ছিল। হঠাৎ এই অসুস্থতায় তার কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন