জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:২১ পিএম
শিশুদের ভবিষ্যৎ ও দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিএনপির এক গুচ্ছ মহাপরিকল্পনার কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে শিশুদের পড়ালেখাকে কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না রেখে একে আনন্দদায়ক বা ‘ফান’ হিসেবে গড়ে তোলা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান তাঁর বক্তব্যে শিক্ষকদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, “শুধু বড় বড় ভবন নির্মাণ করলেই হবে না, শিক্ষকদের মানোন্নয়ন করতে হবে। বাচ্চাদের ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে।
তিনি আরও জানান, শিশুদের ইন্টারনেটে আসক্তি কমাতে একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, আর্ট এবং কালচারকে বাধ্যতামূলক করা হবে। এক্ষেত্রে প্রতিটি শিশুকে খেলাধুলায়ও পাস করতে হবে—এমন অভিনব পরিকল্পনার কথা জানান তিনি।দেশের যোগাযোগ ব্যবস্থা ও ট্রাফিক জ্যাম নিয়ে তারেক রহমান বলেন, ঢাকা কেন্দ্রিকতা কমাতে ঢাকার বাইরে স্বয়ংসম্পূর্ণ ‘স্যাটেলাইট টাউন’ গড়ে তোলা হবে, যেখানে উন্নত শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা থাকবে। মেট্রোরেল ব্যয়বহুল এবং বেশি জায়গা নেয় উল্লেখ করে তিনি ঢাকার সব জায়গায় সংযোগ স্থাপনের জন্য ‘মনোরেল’ চালুর সম্ভাবনার কথা জানান।
এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মধ্যস্বত্বভোগীদের অনৈতিক মুনাফা ঠেকাতে এবং কৃষকদের সরাসরি প্রণোদনা দেওয়ার মাধ্যমে বাজার ব্যবস্থা স্থিতিশীল করার পরিকল্পনাও তাঁর বক্তব্যে উঠে আসে।প্রবাসীদের কল্যাণে তারেক রহমান বলেন, দক্ষ জনশক্তি হিসেবে তরুণদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। সঠিক চ্যানেলে রেমিটেন্স পাঠালে প্রবাসীদের জন্য বিশেষ সরকারি প্রণোদনা রাখার পরিকল্পনাও রয়েছে বিএনপির।
সবশেষে তিনি দুর্নীতিরোধ ও জাতীয় নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে বলেন, এই দুটি ক্ষেত্র ঠিক করা গেলে দেশের অন্যান্য সমস্যাগুলো সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সাথে আগামীর ‘নতুন বাংলাদেশ’ নিয়ে দীর্ঘক্ষণ আলাপ করেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন