সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ০১:১১ পিএম

দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষ এখন কেবল প্রতিশ্রুতি নয় বরং বাস্তব পরিবর্তন ও তাদের হৃত রাজনৈতিক অধিকার ফিরে পেতে চায়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কেবল একে অপরের সমালোচনা আর কাদা ছোড়াছুড়ির রাজনীতি দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। 

আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় দুই দশক পর চট্টগ্রামের এই ঐতিহাসিক মাঠে তার উপস্থিতিকে কেন্দ্র করে পুরো বন্দরনগরী এক জনসমুদ্রে পরিণত হয়।

তারেক রহমান তার বক্তব্যে আগামীর বাংলাদেশের জন্য বিএনপির রূপরেখা তুলে ধরে বলেন, ক্ষমতায় গেলে জনগণের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। 

আমরা স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই, যাতে অর্থাভাবে বা দূরত্বের কারণে কাউকে চিকিৎসাবঞ্চিত হতে না হয়। তিনি বলেন, ১৭ বছরের স্বৈরাচারী শাসনের জাঁতাকলে পিষ্ট হয়ে মানুষ তাদের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হারিয়েছিল। এখন সেই অধিকার পুনরুদ্ধারের সময় এসেছে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আপনাদের একটি ভোট কেবল প্রার্থী নির্বাচনের জন্য নয়, বরং দেশের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার।সমাবেশে তারেক রহমান আরও বলেন, বিএনপি পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী। আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হবে। 

তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, এই দেশ তোমাদের, তোমরাই আগামীর ভবিষ্যৎ। তাই রাজনৈতিক সচেতনতা নিয়ে দেশের অগ্রযাত্রায় শরিক হতে হবে। চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই চট্টগ্রামের অলিগলি থেকে শুরু করে রাজপথ ছিল বিএনপি নেতাকর্মীদের দখলে। নেতাকর্মীদের প্রবল উচ্ছ্বাসের মুখে তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পোলিং বুথ পাহারা দেওয়ার নির্দেশ দেন যাতে জনরায়ের প্রতিফলন ঘটে।