সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চাঁদাবাজিকে পেশা হিসেবে দেখতে চায় না জনগণ: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৩৯ পিএম

চাঁদাবাজিকে পেশা হিসেবে দেখতে চায় না জনগণ: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশের মানুষ চাঁদাবাজিকে আর নতুন কোনো পেশা হিসেবে দেখতে চায় না। তিনি চাঁদাবাজদের অন্ধকার পথ ছেড়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘তুমি ভয় পেয়ো না। তোমার হাতেও সম্মানের কাজ তুলে দেওয়া হবে। সমাজে তোমাকে আর মুখ ঢেকে চলতে হবে না।

 আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ১০ দলীয় জোট আয়োজিত ঢাকা-৪ ও ৫ আসনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান চাঁদাবাজদের সংশোধন ও মর্যাদাপূর্ণ জীবনের স্বপ্ন দেখিয়ে বলেন, আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে কেউ কারো বাবা-মাকে চাঁদাবাজের বাবা-মা বলবে না, কিংবা স্ত্রীকে চাঁদাবাজের স্ত্রী বলবে না। বরং সবাই সম্মানের সঙ্গে সমাজে মাথা উঁচু করে বাস করতে পারবে।

 বেকারত্বের সমস্যা নিয়ে তিনি বলেন, তরুণদের হাতে সামান্য বেকার ভাতা তুলে দিয়ে তাদের করুণার পাত্র বানানো হবে না, বরং তাদের দক্ষ জনশক্তি ও বাংলাদেশ গড়ার কারিগরে পরিণত করা হবে। ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।পররাষ্ট্র নীতি ও জাতীয় সার্বভৌমত্ব নিয়ে জামায়াত আমির কড়া বার্তা দিয়ে বলেন, বাংলাদেশে কোনো আধিপত্যবাদের ছায়া আমরা দেখতে চাই না। আমরা বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে কারো ওপর খবরদারি করা বা কারো খবরদারি সহ্য করা—কোনোটিই বরদাশত করা হবে না। 

তিনি গত ৫৪ বছরের রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তনের ডাক দিয়ে বলেন, যে বন্দোবস্ত দেশকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে, তা আর চলতে পারে না। জুলাই বিপ্লবের শহীদদের প্রতি সম্মান জানাতে তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেওয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

ঢাকা মহানগরীর নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনসহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সকাল ১১টায় সমাবেশ শুরুর আগেই কাজলা ব্রিজ ও তার আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। তীব্র স্লোগান আর মিছিলের মধ্য দিয়ে নেতাকর্মীরা ১০ দলীয় জোটের শক্তির মহড়া প্রদর্শন করেন।