সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশের মূল প্রাণশক্তি হচ্ছেন কৃষক: তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:০৩ পিএম

বাংলাদেশের মূল প্রাণশক্তি হচ্ছেন কৃষক: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল প্রাণশক্তি হলো এ দেশের কৃষক। কৃষক যদি ভালো থাকে, তবেই বাংলাদেশ ভালো থাকবে। তিনি ঘোষণা দেন যে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারলে পর্যায়ক্রমে দেশের সকল কৃষক ও কৃষাণীর হাতে ‘কৃষি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। 

আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় দুই দশক পর চট্টগ্রামের এই মাটিতে তার আগমনে পুরো এলাকা এক জনসমুদ্রে পরিণত হয়।

তারেক রহমান তার বক্তব্যে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধে কৃষিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটাতে এবং পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে হলে কৃষি উৎপাদন বাড়াতে হবে। 

আর উৎপাদন বাড়াতে হলে আমাদের কৃষক ও কৃষাণীদের পাশে থাকতে হবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার ও কৃষিঋণের সহজলভ্যতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সরকার গঠন করলে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এজন্য তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

জননিরাপত্তা ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তারেক রহমান বলেন, গত ১৫ বছর বাংলাদেশের জনগণ তাদের মৌলিক নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত সমাজ থেকে বঞ্চিত ছিল। বিএনপি অতীতে যতবার দেশ পরিচালনা করেছে, ততবারই কঠোরভাবে দুর্নীতি দমন করতে সক্ষম হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নিজ দলের লোক হলেও অনৈতিক কাজে কোনো ছাড় দেওয়া হবে না। দুর্নীতির টুঁটি চেপে ধরে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়া হবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ২০০১-২০০৬ মেয়াদে বেগম খালেদা জিয়ার শাসনামলের কথা স্মরণ করে বলেন, তৎকালীন সরকার দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে এনেছিল এবং কৃষকদের ঋণের বোঝা লাঘব করেছিল। তিনি আবারও সেই সোনালী দিন ফিরিয়ে আনার শপথ নিয়ে বলেন, মেহনতি ও খেটে খাওয়া মানুষ যাতে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই হবে বিএনপির মূল লক্ষ্য। বন্দরনগরীর পলোগ্রাউন্ডের এই সভা থেকে তারেক রহমান আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতির নির্দেশ দেন।