জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:৪৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এছাড়া নাগরিক ঐক্যের জোটে যোগদানের বিষয়েও জোর আলোচনা চলছে। নির্বাচনের প্রচার-প্রচারণা তুঙ্গে থাকার এই সময়ে নতুন দল যুক্ত হওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—আসন বণ্টনে কোনো পরিবর্তন আসবে কি না কিংবা জামায়াত ও এনসিপিকে তাদের কোনো আসন নতুন শরিকদের ছেড়ে দিতে হবে কি না।
তবে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী কারিগরি কারণে এই মুহূর্তে প্রার্থী পরিবর্তনের সুযোগ নেই।গতকাল শনিবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে স্পষ্ট বার্তা দেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।
তিনি জানান, ১০ দলীয় জোটের প্রার্থীরা ইতোমধ্যে চূড়ান্ত হয়ে মাঠে কাজ করছেন। লেবার পার্টি ও নাগরিক ঐক্যের মতো দলগুলো আদর্শিক জায়গা থেকে জোটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। তারা সবাই মিলে একটি ইনসাফভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করবে।
জোটের সদস্য সংখ্যা বাড়লেও বর্তমানে ঘোষিত প্রার্থীদের তালিকায় কোনো রদবদল হচ্ছে না।এ বিষয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, "আমরা এমন এক সময়ে জোটে যোগ দিয়েছি যখন আসন দেওয়ার আইনগত সুযোগ নেই। যেহেতু প্রার্থী প্রত্যাহারের সময় পার হয়ে গেছে, তাই ত্রয়োদশ নির্বাচনে জোটের পক্ষ থেকে আমাদের আলাদা আসন পাওয়ার সম্ভাবনা নেই।
তিনি আরও জানান, দীর্ঘ দুই দশক বিএনপির সঙ্গে থাকার পর নীতিগত কারণে সম্পর্ক ছিন্ন করে লেবার পার্টি এবার এককভাবে ১৫টি আসনে প্রার্থী দিয়েছে। এখন জোটে যুক্ত হওয়ার মাধ্যমে তারা সম্মিলিতভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ইনসাফ কায়েমের লড়াইয়ে জামায়াতের পাশে থাকবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন না পেলেও নির্বাচনের আগমুহূর্তে লেবার পার্টির মতো পুরনো দলের অন্তর্ভুক্তি জামায়াত নেতৃত্বাধীন জোটের রাজনৈতিক অবস্থানকে আরও সংহত করবে। মাওলানা এ টি এম মা’ছুম তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে, বর্তমান ১০ দলীয় জোটটি এখন ১১ দলীয় জোটে রূপ নিতে যাচ্ছে এবং নির্বাচনের পর রাষ্ট্র গঠনেও তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এই নতুন মেরুকরণ নির্বাচনী ময়দানে ভোটারদের মধ্যে কী প্রভাব ফেলে, তা দেখতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন