জানুয়ারি ২৬, ২০২৬, ১১:৫২ এএম
রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে ওই এলাকায় গণসংযোগ করতে গেলে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আদীব।
ঘটনার পরপরই আরিফুল ইসলাম আদীব তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেন, "খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এরিয়ায় বিএনপির সন্ত্রাসীদের হামলা। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।"
এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালায়। দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়, ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের অনুসারীরা গত রোববারও এই এলাকায় এনসিপির নেতাকর্মীদের হেনস্তা করেছিল।
এনসিপি আরও জানায়, আগের দিনের হেনস্তার বিষয়টি রাতেই বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীরকে জানানো হয়েছিল। তখন তিনি আশ্বস্ত করেছিলেন যে এমন ঘটনা আর ঘটবে না। তবে আজ আবারও হামলার ঘটনা ঘটল।
এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন