জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:৩৬ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ চুয়াডাঙ্গায় এক বিশাল নির্বাচনী জনসভায় ঘোষণা করেছেন যে, জামায়াত কেবল মহান আল্লাহর সামনে মাথা নত করে, অন্য কোনো অপশক্তির সামনে নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে কোনো লাভ নেই। মনে রাখবেন, আমাদের জীবনের চাইতে আমাদের মা-বোনদের ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি।
কেউ বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবেন। আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুটি ভোট হবে—একটি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট এবং অন্যটি পরিবর্তনের বাংলাদেশের জন্য সংসদ সদস্য নির্বাচনের ভোট।
তিনি বলেন, “‘হ্যাঁ’ ভোট মানে আজাদি বা স্বাধীনতা, আর ‘না’ ভোট মানে গোলামি। ইনশাআল্লাহ, ভোটের বুথে ঢুকে প্রথম ভোটটি আপনারা ‘হ্যাঁ’ এর ওপর শক্ত করে মারবেন।” তিনি আরও সতর্ক করে বলেন, যারা ফ্যাসিবাদী চেহারা নিয়ে সামনে আসতে চায়, ২৪-এর অভ্যুত্থানের মতো ১২ তারিখের নির্বাচনেও জনগণ তাদের লাল কার্ড দেখাবে।বক্তব্যে তিনি ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদীর স্মৃতিচারণ করে বলেন, হাদী ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক বজ্রকণ্ঠ, যাকে সহ্য করতে না পেরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি লুটপাটকারী ও বিদেশে ‘বেগম পাড়া’ নির্মাণকারীদের সমালোচনা করে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কোনো জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে বাড়বে না এবং প্রতি বছর তারা জনগণের কাছে সম্পদের হিসাব দিতে বাধ্য থাকবে।জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী রুহুল আমিনের সভাপতিত্বে এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন। তিনি বলেন, আগামীতে বাংলার মানুষ ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।
সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে চুয়াডাঙ্গার দুটি আসনের প্রার্থীদের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দিয়ে জয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার শপথ করান জামায়াত আমির।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন