জানুয়ারি ২৭, ২০২৬, ১১:১৪ পিএম
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “ধানের শীষ এ দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। গত ১৭ বছর আমাদের ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। এবার সেই বঞ্চনার অবসান হতে যাচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি দীর্ঘ সময় পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে।” মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গট্টি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এই বৈঠকে শামা ওবায়েদ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সবাই ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
আপনাদের একটি ভোট দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনবে।” তিনি নির্বাচনি প্রচারণায় এলাকার শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, সমাজে কোনো ধরনের মারামারি বা সংঘর্ষে জড়ানো যাবে না। সবাই মিলেমিশে থেকে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।আব্দুল কুদ্দুছ খানের সভাপতিত্বে এবং খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় এই উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট গোলজার হোসেন মৃধা, সালথার বর্ষীয়ান রাজনীতিবিদ ইমামুল হোসেন তারা মিয়া।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান। সভায় বক্তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে শামা ওবায়েদকে সংসদ সদস্য হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার নির্দেশনা দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন