বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

মা-বোনদের হিজাব নিয়ে টানাটানি করলে আগুন জ্বলবে: মামুনুল হক

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ১১:২১ পিএম

মা-বোনদের হিজাব নিয়ে টানাটানি করলে আগুন জ্বলবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া নারী গণসংযোগকারীদের হিজাব নিয়ে টানাটানি কিংবা তাঁদের গায়ে হাত তোলার মতো কোনো অপতৎপরতা সহ্য করা হবে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জেকে উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন। 

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

মাওলানা মামুনুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের মা-বোন ও কন্যারা শান্তিপূর্ণভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। কিন্তু বিভিন্ন স্থানে তাদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হচ্ছে। যদি এই দুঃসাহস বন্ধ করা না হয়, তবে এমন আগুন জ্বলবে যা নেভানোর সক্ষমতা কারও থাকবে না।

তিনি প্রশাসনের প্রতি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান।বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে মামুনুল হক বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশে শাসনের নামে কেবল শোষণ চলেছে। মেহনতি মানুষের ঘাম ঝরানো সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। দুর্নীতি ও বৈষম্যের সেই ‘লুটেরা বাংলাদেশ’ ভেঙে এখন ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সময় এসেছে। তিনি ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে একটি ইনসাফ কায়েমের সংগ্রামকে বেগবান করার অনুরোধ জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. মশিউর রহমান। এছাড়াও স্থানীয় জামায়াত, এনসিপি ও নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা হবিগঞ্জ-১ আসনে সিরাজুল ইসলামকে বিজয়ী করে এলাকার উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার অঙ্গীকার করেন।