রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তাসনিম জারার ৬ দফা ইশতেহার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:৩১ পিএম

তাসনিম জারার ৬ দফা ইশতেহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ (খিলগাঁও-মুগদা) আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার সুনির্দিষ্ট নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি ৬ দফা ইশতেহার জাতির সামনে তুলে ধরেন। তাসনিম জারা বর্তমান জনদুর্ভোগের চিত্র তুলে ধরে বলেন, এই এলাকার মানুষ দীর্ঘ দিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। 

নির্বাচিত হলে তিনি এই এলাকার মানুষের অধিকার আদায়ে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি সংসদে ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন।ইশতেহার ঘোষণা কালে তাসনিম জারা সবচেয়ে বেশি জোর দেন বর্তমান গ্যাস সংকটের ওপর। 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "মানুষ বর্তমানে গ্যাসের পরিবর্তে লাইনে শুধু বাতাস পাচ্ছে।" তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করবেন। এছাড়াও অত্র অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর তুলনায় মুগদা হাসপাতালের অপ্রতুল সেবার কথা উল্লেখ করে ।

তিনি এই হাসপাতালের আধুনিকায়ন, শয্যা সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার মান আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দেন।নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনের প্রতিটি অলিগলির রাস্তার উন্নয়ন করা হবে। বিশেষ করে এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের অভিশাপ চিরতরে নির্মূল করতে তিনি ‍‍`জিরো টলারেন্স‍‍` নীতি বা সরাসরি যুদ্ধ ঘোষণা করবেন। তিনি বলেন, "মাদকের কারণে আমাদের যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এটি আর হতে দেওয়া যাবে না।" এলাকার তরুণদের জন্য কর্মসংস্থান ও দক্ষতামূলক প্রশিক্ষণের ব্যবস্থাও তার পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে তাসনিম জারা আরও উল্লেখ করেন যে, তিনি কোনো রাজনৈতিক প্রভাবের বশবর্তী না হয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চান। খিলগাঁও-মুগদা এলাকার জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের বিষয়টিও তার ৬ দফার মধ্যে স্থান পেয়েছে। ইশতেহার ঘোষণার সময় স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার এই বাস্তবমুখী প্রতিশ্রুতিগুলো ঢাকা-৯ আসনের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।