সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:২৪ পিএম

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন জামায়াত আমির

সারা দেশে এখন বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই মহা নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তার এই ভাষণ একযোগে সম্প্রচার করা হচ্ছে। 

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে এই ভাষণের আয়োজন করা হয়েছে। ভাষণে জামায়াত আমির দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের পর তাদের দলীয় পরিকল্পনা ও দেশ গঠনের রূপরেখা তুলে ধরছেন। তিনি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছেন বলে জানা গেছে।

নির্বাচনের এই শেষ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এর আগে গত রবিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

আজ জামায়াত আমিরের পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকেরও জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে। জামায়াত আমিরের এই ভাষণটি রাষ্ট্রীয় মাধ্যমে প্রচারের জন্য দলটির পক্ষ থেকে আগেই প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছিল।১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ চলবে। 

এই নির্বাচনে ভোটাররা যেমন তাদের প্রতিনিধি নির্বাচন করবেন তেমনি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে একটি গণভোটও অনুষ্ঠিত হবে। জামায়াত আমির তার ভাষণে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। একই সাথে তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি তুলছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের ঠিক তিন দিন আগে এই ভাষণটি জামায়াতের কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে।