ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:৩১ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুর্নীতি দমনে চূড়ান্ত কঠোর হওয়ার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় বিটিভিতে প্রচারিত ভাষণে তিনি স্পষ্ট করেন যে, ভবিষ্যতে বিএনপি হবে একটি জবাবদিহিমূলক রাজনৈতিক দল এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনায় সমর্থন পেলে দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায়, বিএনপি ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। তিনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক বুনিয়াদ গড়ার প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান তার ভাষণে রাষ্ট্র পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, বিএনপির প্রধান অগ্রাধিকার হবে আগামীতে পর্যায়ক্রমে এক কোটি কর্মসংস্থান তৈরি করা। এজন্য কারিগরি শিক্ষা ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এছাড়া দেশের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেন তিনি। তারেক রহমান ৫ আগস্টের আগের অপশাসনে ফিরে না যাওয়ার নিশ্চয়তা দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নেন।আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দেশবাসীকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের লড়াই ও ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে এই ভোটের সুযোগ এসেছে।
শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে সবাইকে ভোটকেন্দ্রে আসার অনুরোধ করেন তিনি। ভাষণে তিনি বেকার সমস্যা সমাধান, নারী উন্নয়ন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার বাস্তবসম্মত রূপরেখা তুলে ধরেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই বক্তব্য ভোটারদের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন