ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:১৩ পিএম
সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ১১ দলীয় জোটের হেভিওয়েট প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট দেওয়া শেষে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. তাহের বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল জামায়াতে ইসলামী মেনে নেবে।” তিনি সারা দেশের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “সারাদেশ থেকে খবর পেয়েছি, দুই-চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটি সুষ্ঠু হচ্ছে। এভাবে চললে মানুষের প্রত্যাশিত নির্বাচনটিই অনুষ্ঠিত হবে।”
ভোটার উপস্থিতির বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। তিনি বলেন, “আমি আশা করছি, এবার ৭০ শতাংশ ভোট কাস্টিং হবে।” তবে নির্বাচনের ফলাফল নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্রের বিষয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “নির্বাচনে যদি কোনো গভীর ষড়যন্ত্র হয়, তবে সেটা দেশের জন্য অত্যন্ত অকল্যাণ হবে এবং দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাবে।”
কুমিল্লা-১১ আসনে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ডা. তাহেরের এই ইতিবাচক মন্তব্য এবং ফলাফল মেনে নেওয়ার ঘোষণা স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে স্বস্তি এনে দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন