সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হামলার পর পাটওয়ারী বললেন ভোট ডাকাতি হচ্ছে

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:৩৪ পিএম

হামলার পর পাটওয়ারী বললেন ভোট ডাকাতি হচ্ছে

শান্তিপূর্ণ ভোটের খবরের মাঝেই রাজধানীর ঢাকা-৮ আসনে বড় ধরনের উত্তেজনার খবর পাওয়া গেছে। এই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, তার ওপর হামলা চালানো হয়েছে এবং কেন্দ্রে ভোট ডাকাতি চলছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, রাজধানীর রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের লোকজন ভোট ডাকাতি করছে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। 

আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।” তিনি অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

নাহিদ ইসলামের কড়া প্রতিক্রিয়া এদিকে নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুর ১টার দিকে তিনি পাটওয়ারীর স্ট্যাটাসটি শেয়ার করে ফেসবুকে লেখেন, “হামলা, ভয়ভীতি বা সন্ত্রাস দিয়ে নাসিরুদ্দীন পাটওয়ারীদের পথ রোধ করা যাবে না।

তিনি আরও লেখেন, “ইতিহাস সাক্ষী, আন্দোলনকে আঘাতে থামানো যায় না, আদর্শকে ভয় দেখিয়ে স্তব্ধ করা যায় না। যত বাধা আসবে, ততই মানুষের সমর্থন আরও সুদৃঢ় হবে। শাপলা কলি এগিয়ে চলছে জনতার শক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে, সাহস নিয়ে।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “চূড়ান্ত কথা বলবে জনগণই, আর জনতার রায় নিয়েই বিজয় ছিনিয়ে আনবে, ইনশাআল্লাহ।”দুপুরের পর এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-৮ আসনের নির্বাচনী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।