ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:১৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা শেষে বিভিন্ন আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ের খবর আসতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বড় জয় পেয়েছেন।
কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এছাড়া পার্বত্য জেলা খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়া এবং টাঙ্গাইল-৭ আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী এবং বরগুনা-২ আসনে মো. নূরুল ইসলাম মনিও বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে চট্টগ্রাম-৩ আসনেও ধানের শীষের মোস্তাফা কামাল পাশা বড় ব্যবধানে এগিয়ে থেকে জয়ের বন্দরে পৌঁছেছেন।
দীর্ঘ ১৫ বছর পর দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এই বিজয়কে `গণতন্ত্রের পুনর্জন্ম` হিসেবে অভিহিত করছেন দলীয় নেতাকর্মীরা। নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত গেজেট প্রকাশের প্রক্রিয়া চলমান থাকলেও মাঠ পর্যায়ের এই বেসরকারি ফলাফল সারাদেশের রাজনৈতিক সমীকরণ পাল্টে দিচ্ছে। বর্তমানে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে এবং নেতাকর্মীরা বিভিন্ন আসন থেকে আসা ইতিবাচক খবরগুলো উদযাপন করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন