ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:১৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনে লড়ে পরাজিত হলেও মাঠ ছাড়তে নারাজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের আগে তাঁর বক্তব্য ও প্রচারণার ধরণ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে তিনি হার বরণ করেছেন। তবে পরাজয় মেনে না নিয়ে ইতোমধ্যে ওই আসনের ফলাফল পুনঃগণনা এবং মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিতের আবেদন জানিয়েছেন তিনি।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন নাসীরুদ্দীন। নিজের একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের লড়াই আগের চেয়ে আরও শক্তিশালী হবে।
তাঁর এই সংক্ষিপ্ত অথচ ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসটি আপলোড করার মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মাত্র এক ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে ২ লাখ ২০ হাজারেরও বেশি রিঅ্যাকশন এবং ১০ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।
ভক্ত ও সমর্থকদের অনেকে তাঁর এই আত্মবিশ্বাসকে সাধুবাদ জানালেও সমালোচকদের মাঝে চলছে নানা বিশ্লেষণ। অনেকেই মনে করছেন, নির্বাচনে আসন না পেলেও রাজনীতির মাঠে নিজের শক্ত অবস্থান জানান দিতেই এমন ‘লড়াকু’ বার্তা দিলেন এনসিপির এই শীর্ষ নেতা।
তাঁর অনুসারীদের মতে, ভোটের ফলাফল যাই হোক, রাজপথের আন্দোলনে নাসীরুদ্দীন আরও সক্রিয় ভূমিকা রাখবেন। উল্লেখ্য, মির্জা আব্বাসের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি বর্তমানে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন