সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:৪২ পিএম

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

দুই নেতার বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসভবনে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত আটটার দিকে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তিনি। এর আগে সন্ধ্যায় তিনি বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে দীর্ঘ সময় বৈঠক করেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বিজয়ী দলের শীর্ষ নেতার এমন সৌজন্য সাক্ষাৎকে বাংলাদেশের ইতিবাচক রাজনীতির এক নতুন সূচনা হিসেবে দেখছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা। তারেক রহমানের আগমনে বেইলি রোড এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং এনসিপি-র পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বৈঠককালে তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। 

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের লক্ষে এই দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে। গত শনিবার এক সংবাদ সম্মেলনে তারেক রহমান দেশের সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার যে আহ্বান জানিয়েছিলেন, এই সাক্ষাৎ তারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। তিনি বলেছিলেন যে আগামী দিনে দেশ পরিচালনায় তিনি সবার সহযোগিতা চান এবং কোনো ধরনের প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। 

নাহিদ ইসলামের সাথে এই আলাপচারিতা আগামী দিনের সরকার ও বিরোধী দলের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।নাহিদ ইসলাম ও তার দল এনসিপি সদ্য সমাপ্ত নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারেক রহমান নাহিদ ইসলামের বাসভবনে গিয়ে তাকে নির্বাচনের সফলতার জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। বৈঠকে দুই পক্ষই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে একমত পোষণ করেন। 

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি মূলত একটি রাজনৈতিক সৌজন্য বিনিময়। তবে বিশ্লেষকদের মতে নির্বাচনের মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও দেশ গঠনে যে ঐক্য প্রয়োজন, এই বৈঠক সেই বার্তারই বহিঃপ্রকাশ। রাত পৌনে নয়টার দিকে বৈঠক শেষে তারেক রহমান নাহিদ ইসলামের বাসভবন ত্যাগ করেন। দেশের শীর্ষ দুই নেতার এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।