রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কিশোরী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:৪৫ পিএম

কিশোরী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

মাওলানা জালালুদ্দীন আহমদ

নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ, বাবার সামনে থেকে জোরপূর্বক অপহরণ এবং পরবর্তীতে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই বর্বরোচিত ঘটনার দ্রুত ও প্রকাশ্য দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। 

মাওলানা জালালুদ্দীন বলেন একজন পিতাকে জিম্মি করে তার কিশোরী সন্তানকে নির্যাতন ও হত্যা করার মতো অমানুষিক অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ উল্লেখ করেন যে অপরাধীদের দ্রুত ও প্রকাশ্যে শাস্তি কার্যকর না হওয়ায় সমাজে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে।

 প্রভাবশালীদের ছত্রছায়া এবং প্রশাসনিক তদবিরের কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে যা নারী ও শিশুদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। রাষ্ট্রের মৌলিক দায়িত্ব নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হলেও বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে বলে তিনি মন্তব্য করেন। এই পরিস্থিতিকে সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ সংকেত হিসেবে অভিহিত করেন তিনি।

খেলাফত মজলিসের মহাসচিব সরকারের কাছে দাবি জানান যেন নিহত কিশোরীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং নিরাপত্তা প্রদান করা হয়। এছাড়া এ ধরণের নৃশংসতা প্রতিরোধে তিনি মসজিদ ভিত্তিক প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দেন। মাওলানা জালালুদ্দীন আরও বলেন জেলাসহ সব পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম খতিবসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা জরুরি। তার মতে সমাজে নৈতিকতা ও মূল্যবোধের অভাবই এ ধরণের অপরাধের মূল কারণ এবং যথাযথ সংস্কারমূলক উদ্যোগের মাধ্যমেই নারী ও শিশুর নিরাপত্তা সুদৃঢ় করা সম্ভব। এই ধরনের বর্বরোচিত ঘটনার তদন্ত যেন কোনোভাবেই প্রভাবিত না হয় সেদিকে কঠোর নজর রাখার জন্য তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান।