মার্চ ২, ২০২৬, ০৯:৪৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্টভাবে জানিয়েছেন যে, নতুন সংসদের কোনো অধিবেশনই বর্তমান রাষ্ট্রপতির বক্তব্যের মাধ্যমে শুরু করা সম্ভব নয়। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান তুলে ধরেন।
আসিফ মাহমুদের মতে, যদি রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়, তবে নির্বাচিত ৩০০ সংসদ সদস্যকেই জনগণের কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
সংবাদ সম্মেলনে তিনি সংসদের পবিত্রতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দাবি করেন, সংসদের প্রথম অধিবেশনেই বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসন করার আইনি প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। জনগণের রায় নিয়ে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা যেন ফ্যাসিবাদের কোনো অবশিষ্টাংশের মাধ্যমে সংসদীয় কার্যক্রম কলঙ্কিত না করেন, সেই আহ্বান জানান তিনি।
আসিফ মাহমুদ সতর্ক করে বলেন, রাষ্ট্রপতির বক্তব্যের মাধ্যমে সংসদ শুরু হলে ৩০০ সংসদ সদস্যের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেবে।জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে উল্লেখ করে এনসিপি মুখপাত্র আরও বলেন, সংবিধান পুনর্লিখনের পরিবর্তে পুনরায় সংশোধনীর পথে হাঁটা হচ্ছে। এতে জুলাই সনদের মূল লক্ষ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি অভিযোগ করেন যে, বিএনপি ও অন্যান্য কিছু মহলের পক্ষ থেকে আদালতের মাধ্যমে ভিন্ন পথে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সংসদের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করার প্রস্তাবকে তিনি এক ধরনের পপুলিস্ট উদারতা হিসেবে অভিহিত করেন।
সরকারি দলের সংসদ সদস্যদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, তাদের উচিত সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া। অন্যথায় যে আইনি আদেশের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার লঙ্ঘন হতে পারে এবং বড় ধরনের আইনি জটিলতা তৈরি হওয়ার ঝুঁকি থাকবে। সংবাদ সম্মেলনে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা কাঠামোবদ্ধ সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন