সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুর নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০৩:৫৬ পিএম

মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুর নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার জুমার নামাজের পর হাসপাতালে তাকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি পররাষ্ট্রমন্ত্রীকেও বিশেষ নির্দেশনা দিয়েছেন। 

সমাজকল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।জাহিদ হোসেন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান অসুস্থ মির্জা আব্বাসের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

 তিনি আব্বাসের শারীরিক অবস্থার খুঁটিনাটি বিষয়ে খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত বিদেশের বিশেষায়িত হাসপাতালে পাঠানোর প্রয়োজনীয়তা অনুভব করে প্রধানমন্ত্রী অবিলম্বে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করার পরামর্শ দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন চিকিৎসকদের সুপারিশ ও প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের জ্যেষ্ঠ নেতারা নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজ রাখছেন। মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।