সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাসকে

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৫, ২০২৬, ১০:১৯ এএম

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাসকে

সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ রোববার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। বেলা ১১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। 

মূলত মস্তিষ্কের অস্ত্রোপচার পরবর্তী জটিলতা এড়াতে এবং উন্নততর চিকিৎসা নিশ্চিত করতে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার ও দল।

এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার জুমার নামাজের পর সেখানে তার মস্তিষ্কে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে। 

চিকিৎসকরা জানিয়েছেন যে তার মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ হয়নি বরং ইনফেকশন ধরা পড়েছিল যা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। শনিবার সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয় যার প্রতিবেদন সন্তোষজনক এসেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।শনিবার রাতে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান যে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন যে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক স্থিতিশীল। শুক্রবার অস্ত্রোপচারের পর তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা বিমানে ভ্রমণের উপযোগী হওয়ায় চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়ার পর এই স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।