মার্চ ২৮, ২০২৬, ০৮:৫৩ পিএম
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি দলীয় কার্যালয়ের সামনে পৌঁছান। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সন্ধ্যা ৭টার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কার্যালয়ে প্রবেশ করেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে পৌঁছালে অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। এ সময় তিনি গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন এবং সরাসরি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুরের পর থেকেই পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টন কার্যালয় পর্যন্ত সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপর অবস্থান নেন নেতাকর্মীরা।
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে সেখানে জড়ো হন। নেতাকর্মীরা এ সময় প্রধানমন্ত্রীর আগমনকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সড়কের অধিকাংশ স্থান নেতাকর্মীদের দখলে থাকায় সাধারণ যানবাহন চলাচল চরমভাবে ব্যাহত হয়েছে। দীর্ঘ সময় ধরে এক লাইনে ধীরগতিতে গাড়ি চলাচল করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও মানুষের উপচে পড়া ভিড়ের কারণে যাতায়াতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। নয়াপল্টন এলাকায় বর্তমানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দলীয় কার্যালয়ের ভেতরে শীর্ষ নেতাদের বৈঠক চলছে বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন