রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জ্বালানি খাতে অরাজকতায় খেলাফত মজলিসের উদ্বেগ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ১০:৫৪ পিএম

জ্বালানি খাতে অরাজকতায় খেলাফত মজলিসের উদ্বেগ

খেলাফত মজলিসের বৈঠক

দেশের স্বাস্থ্য ও জ্বালানি খাতে চলমান অরাজকতা এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারের রহস্যজনক ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি জনদুর্ভোগ নিরসনে সরকারের প্রতি কঠোর আহ্বান জানানো হয়। 

রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে দলটির শীর্ষ নেতৃবৃন্দ এই দাবি উত্থাপন করেন।সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নেতারা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে অবৈধ বলে সংসদে উত্থাপন না করা এক ধরণের প্রতারণা।

অথচ এই সরকারি দলই একসময় জুলাই সনদে স্বাক্ষর করেছিল এবং গণভোটে ‍‍`হ্যাঁ‍‍` ভোটের পক্ষে সক্রিয় প্রচারণা চালিয়েছিল। এখন গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের পক্ষে যে জনরায় এসেছে, তা বাস্তবায়ন করা সরকারি দলের অন্যতম প্রধান নীতিগত দায়িত্ব। 

নির্বাচিত সংসদে জুলাই সনদের সেই ৪৮টি প্রস্তাব নিয়ে দ্রুত আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে সংবিধান সংস্কারের কাজ শুরু করার দাবি জানান তারা।বৈঠকে দেশের বর্তমান স্বাস্থ্যখাতের চিত্র তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে, যার ফলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। হামের প্রাদুর্ভাবে অনেক শিশুর মৃত্যুর ঘটনা ঘটলেও সরকার মশার উপদ্রব বন্ধে বা জনস্বাস্থ্য রক্ষায় ব্যর্থ হচ্ছে।

 

অন্যদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। এই সংকট মোকাবিলায় সরকার শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার ও আলোকসজ্জা নিষিদ্ধ করার পাশাপাশি গণপরিবহন ব্যবস্থার উন্নতির দিকে নজর দিতে পারে বলে পরামর্শ দেন তারা।শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্তকে ‍‍`অপরিণামদর্শী‍‍` ও ‍‍`অযৌক্তিক‍‍` আখ্যা দিয়ে খেলাফত মজলিসের নেতারা বলেন, এর ফলে শিক্ষার্থীরা আর্থিক ও নৈতিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। 

সরকারের উচিত এই সিদ্ধান্ত থেকে অবিলম্বে ফিরে আসা। বৈঠকে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংবাদমাধ্যমে এই বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন সংগঠনের প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু। জনস্বার্থে সরকারকে এসব অরাজকতা বন্ধে কঠোর হওয়ার আল্টিমেটাম দেন তারা।