মে ১৮, ২০২৬, ০৩:০১ পিএম
তারেক রহমানের জন-আস্থা রাজনৈতিক প্রতিপক্ষ নানা অপপ্রচার চালিয়েও টলাতে পারছে না বলে দাবি করেছেন রুহুল কবির রিজভী। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন। একই সাথে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।ঘোষিত এই কর্মসূচি আগামী ২৫ মে থেকে শুরু হয়ে ১ জুন পর্যন্ত চলবে বলে রিজভী জানান।
ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের মানুষ বর্তমান প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি এবং তা বাস্তবায়নের বাস্তব চিত্র দেখছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কার্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো পূরণে কাজ চলছে যা জনগণের মনে গভীর রেখাপাত করেছে। তারেক রহমানের জন-আস্থা অর্জনের মূল কারণ হলো তিনি দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে কল্যাণমুখী বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেন।
সাবেক রাষ্ট্রপতির দেখানো পথ অনুসরণ করে সারা দেশে আবার পুরোদমে খাল কাটা কর্মসূচি শুরু করা হয়েছে যা কৃষিক্ষেত্রে বড় অবদান রাখছে।অতীতের রাজনৈতিক দলগুলোর মতো বিএনপি জনগণের সাথে কোনো ধরনের প্রতারণা করছে না বলে তিনি উল্লেখ করেন।
অতীতে ১০ টাকা কেজি চাল বা ঘরে ঘরে বিনামূল্যে সার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অন্য দলগুলো ব্যর্থ হয়েছে। রিজভী আরও দাবি করেন, জিয়াউর রহমান দেশের এক চরম ক্রান্তিকালে রাষ্ট্রক্ষমতায় এসে দেশে বহুদলীয় গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে এনেছিলেন। সেই সময়ে দেশে শান্তি ও স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল যা ইতিহাসের পাতায় অম্লান হয়ে আছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন