শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ১০:১৯ এএম

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে মন্তব্য করে দল দুটিকে একই আখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে নোয়াখালীর চাটখিলে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এদের বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে বলেছেন তিনি।বিগত ১৭ বছরের সরকার অন্যায়ভাবে অনেককে মুক্তিযুদ্ধের তালিকায় ঢুকিয়ে এটিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী। 

মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স আট থেকে দশ বছর ছিল, তারাও এই তালিকায় ঢুকেছে। বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টি মেনে নেওয়া কঠিন বলে জানান তিনি। ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে তার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি তাদের রয়েছে।

গত ৫ আগস্টের পর স্বাধীনতাবিরোধীরা ১৬ ডিসেম্বর এবং ২৬ মার্চ নিয়ে মিথ্যা বয়ান তৈরির চেষ্টা করছে। এরা চব্বিশের গণঅভ্যুত্থানের পুরো কৃতিত্ব নিজেদের পকেটে নিয়ে বাংলাদেশকে আবারও পাকিস্তানপন্থী করার ষড়যন্ত্রে লিপ্ত। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশনা দিয়ে চলেছেন।জনমানুষের এই আন্দোলনে একক কৃতিত্ব নিতে চায় না বর্তমান সরকার।গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ইলিয়াস আলী বা চৌধুরী আলমের মতো অসংখ্য নেতা গুম ও হত্যার শিকার হয়েছেন। 

একটি সরকারকে মূল্যায়নের জন্য প্রথম ১৮০ দিন বিবেচনায় নেওয়া হয় না। দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার করে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে কিছুটা সময় প্রয়োজন। এরপরও কোনো ফ্যাসিবাদী শক্তি সরকার পতনের হুমকি দিলে ২৪ ঘণ্টার মধ্যে তাদের রাজপথে মোকাবিলা করা হবে।চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে নোয়াখালী-এক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।