জুন ১৭, ২০২৬, ০৪:৩৪ পিএম
দেশব্যাপী গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং বর্তমান জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। আগামী ২০ জুন বেলা ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে এই বিশাল রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে জোটের শীর্ষ নেতারা সমসাময়িক নানা রাজনৈতিক ইস্যুতে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান সংসদ সদস্য।
বিভাগীয় এই সমাবেশকে সফল করতে স্থানীয়ভাবে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।দলীয় নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে দীর্ঘদিন পর বড় ধরনের এই কর্মসূচিকে কেন্দ্র করে খুলনার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। আগামী শনিবারের এই সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নীতিনির্ধারকেরা।
এই সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে এবং জনদুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার হতে বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি স্বতঃস্ফূর্তভাবে দলে দলে যোগদানের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় এই মহাসমাবেশ থেকে জোটের পক্ষ থেকে নতুন রূপরেখা ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন