জুলাই ১১, ২০২৬, ০৮:২৫ পিএম
বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকা সীমান্তে প্রতিবেশী দেশ ভারত প্রতিনিয়ত সুড়সুড়ি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে। আমরা প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে। শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের সৈনিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষ লড়াই করে যাচ্ছে। এই সংগ্রামী বীরদের প্রতি আমি অভিনন্দন জানাই।
শনিবার বিকালে রংপুর জিলা স্কুল মাঠে চার দফা দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাদি হত্যার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, হাদি হত্যার বিচার করতে না পারলে পদত্যাগ করুন। যদি এই সরকার বিচার করতে ব্যর্থ হয়, তবে পরবর্তী সরকার এসে এই বিচার নিশ্চিত করবে।
বর্তমান সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে তিস্তা বাঁচাও আন্দোলন করা হলেও বাজেটে এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। আমি ঘোষণা করছি, আগামীতে ইনশাআল্লাহ ১১ দলীয় ঐক্য নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
তিনি রংপুর বিভাগকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। আলু চাষীদের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে হিমাগারে প্রতি বস্তা আলুর জন্য ৬০০ টাকা দিতে হচ্ছে, যা কৃষকদের ওপর জুলুম। তিনি হিমাগারে আলুর বস্তা রাখার খরচ কমানো এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে তিনি দুর্নীতিবিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ১১ দলের সরকার গঠিত হলে দেশে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের স্থান হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের উচ্চপদস্থ এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও যদি দুর্নীতির সাথে জড়িত থাকেন, তবে তাকেও বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।
সমাবেশে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন