রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপির কবর রচিত হবে: সারজিস

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০৩:১৪ পিএম

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপির কবর রচিত হবে: সারজিস

ছবি - সংগৃহীত

গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না করলে আগামীর রাজনৈতিক ময়দানে বিএনপির কবর রচিত হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। 

দেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে ওই জনসভার আয়োজন করা হয়েছিল।স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক কার্যক্রমে অনিয়মের গুরুতর অভিযোগ তোলেন এই নেতা।পথসভায় সারজিস আলম বলেন, এলাকায় জামায়াতের সংসদ সদস্য থাকা সত্ত্বেও সরকারি বিভিন্ন দপ্তরের অফিসগুলোতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রভাবে সাধারণ কর্মচারীরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। 

কিছু কর্মকর্তা নিজেদের সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়ার বদলে দলীয় পরিচয়ে টেন্ডারবাজি ও লুটপাটে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। অতীতে রাজনৈতিক নিপীড়নের শিকার নেতা সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের ভোটাধিকার এবং সংস্কারের পক্ষে দেওয়া রায় উপেক্ষা করার কোনো সুযোগ নেই।

যাঁরা ভোট দিয়ে বিএনপিকে সরকারে পাঠিয়েছেন, তাঁরাই পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, গণভোট ও জুলাই সংস্কারের পথ ধরে বর্তমান সরকার রাষ্ট্রক্ষমতায় এসেছে। সংস্কার বা জুলাই সনদকে অবৈধ বা অসাংবিধানিক বলে গণ্য করলে বর্তমান সরকার ও এর নীতিনির্ধারকদের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। 

সম্প্রতি ঘোষিত আট হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এই প্রকল্প কেবল নির্দিষ্ট দলের সংসদ সদস্যদের জন্য না কি পুরো দেশের জনগণের জন্য—তা সরকারকে স্পষ্ট করতে হবে। জলঢাকার পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা নীলফামারী জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আরেকটি পথসভায় যোগ দেন।