সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সত্য প্রকাশে পিছপা না হওয়ার আহ্বান জামায়াতে ইসলামীর আমীরের

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০৪:৫২ পিএম

সত্য প্রকাশে পিছপা না হওয়ার আহ্বান জামায়াতে ইসলামীর আমীরের

সত্য প্রকাশ করতে গিয়ে যদি সংবাদ নিজ দল বা নিজের বিরুদ্ধেও যায়, তবুও গণমাধ্যমকে তা থেকে পিছপা না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার সিলেটে একটি স্থানীয় পত্রিকার সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই সমাজের প্রকৃত চিত্র তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন।

নিরপেক্ষ নীতি বজায় রাখতে গিয়ে কোনো রাজনৈতিক দলের রোষানলে পড়লেও আপস না করার পরামর্শ দেন তিনি।সিলেটের বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে দৈনিক জালালাবাদ পত্রিকার চৌত্রিশ বছরে পদার্পণ উপলক্ষে এই সুধী সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর বলেন, গণমাধ্যমকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের মুখপাত্র না হয়ে জনগণের কণ্ঠস্বর হওয়া উচিত। ক্ষমতা বদল হলেও পত্রিকার নিরপেক্ষ অবস্থান ধরে রাখার ওপর তিনি বিশেষ জোর দেন।

বর্তমান সমাজের অন্যতম প্রধান সমস্যা হিসেবে পারস্পরিক আস্থার সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ আজ মানুষকে বিশ্বাস করতে দ্বিধাবোধ করছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই কেবল এই আস্থার সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। সমাজে স্বচ্ছতা ফেরাতে সংবাদকর্মীদের আরও বেশি সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।সম্মেলনে অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, পত্রিকার সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।