আগস্ট ২, ২০২৬, ০৪:৩৯ পিএম
বিএনপি দল হিসেবে যাতে সরকারে হারিয়ে না যায়, সেজন্য দলীয় নেতাদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার জয়পুরহাট ও নওগাঁ জেলা বিএনপির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত, তা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠক সূত্র জানায়, রাজনৈতিক দলের কাজ হচ্ছে সরকারকে সহায়তা করা এবং সরকারের নেওয়া পদক্ষেপগুলো এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু দল যদি সরকারের সঙ্গে মিলে একাকার হয়ে যায়, তবে উভয় পক্ষেরই ক্ষতি হয়। ক্ষমতাসীন দল ও সরকারের সম্পর্ক রেললাইনের মতো হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দুটি লাইন পাশাপাশি চললেও একটি আরেকটিকে স্পর্শ করতে পারে না।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে তারেক রহমান যোগ্য প্রার্থী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। তিনি জানান, আওয়ামী আমলের পুরনো নির্বাচনব্যবস্থায় আর ফিরে যাওয়া হবে না এবং আগামী দিনে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের কঠোরভাবে দূরে থাকার তাগিদ দেওয়া হয়।
তৃণমূলের কোন্দল দূর করে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ অপকর্ম করলে দল তার দায় নেবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যও নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন