আগস্ট ১১, ২০২৬, ০২:৫৯ পিএম
আগামী পনেরো আগস্ট মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষ্যে ঢাকা-১৭ আসন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তোলার জন্য গুলশানস্থ দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনের আওতাধীন গুলশান ও বনানী থানা বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় অনুষ্ঠান উদযাপনের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা এবং নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দলীয় প্রধানের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।যথাযথ ভাবগাম্ভীর্য ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মরহুমা নেত্রীর স্মরণে এই দোয়া মাহফিল সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন