আগস্ট ১৩, ২০২৬, ০৯:৫৫ পিএম
গণভোটের রায় মেনে সরকার গঠন করা হলেও এখন সেই গণভোটের ফলাফল মানতে আপত্তি জানানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। জনগণের হক মেরে খাওয়ার জন্যই বিরোধীদলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার রংপুর-দিনাজপুর অঞ্চল আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষা শিবিরে যোগ দিতে সৈয়দপুর বিমানবন্দরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী নিজেই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।মিয়া গোলাম পরওয়ার বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো গণভোটের রায় বাতিল হয়নি। গণভোটের ফলাফল অস্বীকার করা হলে জনগণের মতামত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়। সরকারের দৃষ্টিতে জামায়াতকে ভোট দেওয়া লোকজন যেন এদেশের নাগরিক নন, ফলে তাদের কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
উন্নয়ন বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে তিনি জানান, বিএনপির সংসদ সদস্যদের এলাকায় বিভিন্ন প্রকল্প অনুমোদন দেওয়া হলেও জামায়াতসহ ১১ দলের সংসদ সদস্যদের ক্ষেত্রে চরম বৈষম্য করা হচ্ছে। সাধারণ বরাদ্দ কাটছাট করে বিশেষ বরাদ্দের নামে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দলের নেতাকর্মীদের মধ্যে অনিয়মতান্ত্রিক কাজের প্রতিযোগিতার কারণে অন্তঃকোন্দল তৈরি হয়েছে বলেও দাবি করেন জামায়াত নেতা।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হলে ১১ দলীয় জোটের প্রার্থী জয়ী হতেন। সংবিধানের অনুচ্ছেদ তাদের দলীয় প্রার্থীকে ভোট দিতে বাধ্য করে উল্লেখ করে তিনি সংবিধান সংস্কারের দাবি জানান। সরকারের দ্বিচারিতার কারণে আগামীতে তাদের ভরাডুবি হবে বলে মন্তব্য করেন তিনি।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন