আগস্ট ১৪, ২০২৬, ১১:১৯ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের শেষ দিনে দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ ও মূল্যায়ন তুলে ধরেছেন নাছির উদ্দীন নাছির। শুক্রবার সকালে এক বিবৃতিতে তিনি তার দায়িত্বের সমাপ্তি ঘোষণা করেন। এর মধ্য দিয়ে তার দীর্ঘ, কঠিন ও ঘটনাবহুল সাংগঠনিক একটি অধ্যায়ের সমাপ্তি ঘটছে বলে তিনি উল্লেখ করেন।দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক পথচলার নানা স্মৃতি তিনি তুলে ধরেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি পার করে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে আসেন তিনি। দায়িত্ব পালনকালে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসের গণআন্দোলনে নেতাকর্মীদের রাজপথে সম্পৃক্ত রাখা এবং পরবর্তী সময়ে নোয়াখালী ও ফেনী অঞ্চলের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ঘটনাকে তিনি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। রাজনীতি কেবল পদ-পদবির বিষয় নয়, বরং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির আসল পরিচয় বলে তিনি মন্তব্য করেন।
সাংগঠনিক মূল্যায়নে তিনি জানান, দায়িত্ব পালনকালে সারা দেশে দুই হাজারের বেশি সাংগঠনিক কমিটি গঠন করা সম্ভব হয়েছে। তবে কেন্দ্রীয় কমিটির বর্ধিত অংশ সম্পন্ন করতে না পারা এবং ছাত্রসংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না আসাকে নিজের দায়িত্বকালের সীমাবদ্ধতা ও অপূর্ণতা হিসেবে উল্লেখ করে তিনি সহযোদ্ধাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
দায়িত্ব থেকে বিদায় নিলেও ছাত্রদলের আদর্শ, সংগ্রাম ও সহযোদ্ধাদের প্রতি ভালোবাসা আজীবন অটুট থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আগামী দিনে নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল ছাত্রসংগঠন হিসেবে গড়ে উঠবে বলে তিনি গভীর আস্থা প্রকাশ করেন।গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে ছাত্রদলের নেতাকর্মীরা অবিচল থাকবে বলে তিনি নিজের বক্তব্যে উল্লেখ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন