সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ০৬:১৫ পিএম

মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট

ছবি : সংগৃহীত

দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন একটি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৩০ আগস্ট) প্রকাশিত এই গেজেটে সংশ্লিষ্ট আসনগুলোতে সম্প্রতি গঠিত নতুন উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক বা কাগজের কলমে আসন সীমানায় এই সংশোধন আসলেও বাস্তবে এর ফলে ভৌগোলিক বা ভোটার বিন্যাসে কোনো পরিবর্তন আসবে না।

নতুন গেজেটভুক্ত আসনগুলোর মধ্যে রয়েছে ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।ইসির প্রকাশিত গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে নতুন রুহিয়া ও ভুল্লী উপজেলা যুক্ত করা হয়েছে। সদর উপজেলা ভেঙে গঠিত এই দুটি উপজেলা গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় অনুমোদিত হয়েছিল। 

একইভাবে বগুড়া-২ আসনে শিবগঞ্জের পাশাপাশি নতুন মোকামতলা উপজেলা এবং ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে দক্ষিণ গফরগাঁও উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন নির্বাচনী এলাকায় নতুন উপজেলা ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিকভাবে যুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের এই সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া মূলত স্থানীয় প্রশাসনিক কাঠামোর পরিবর্তনকে নির্বাচনী এলাকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে।