সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৮:৫৪ পিএম
বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এখনো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা বহাল থেকে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে অভিযোগ তুলেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির। মঙ্গলবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এই বক্তব্য দেন।
সমাবেশ থেকে প্রশাসনের প্রতি কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। ইসমাইল বিন মনির বলেন, বিগত ছয় মাস ধরে তারা অত্যন্ত ধৈর্য ধরে কাজ করেছেন। তবে সরকারি কোনো দপ্তর বা অফিসে আওয়ামী ঘরানার কর্মকর্তাদের কোনো বদলি বা পরিবর্তন না হওয়া অত্যন্ত দুঃখজনক। হুঁশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করেন, প্রতিটি দপ্তরে কার কী ভূমিকা রয়েছে সে বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ও খতিয়ান সংরক্ষিত আছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দায়িত্বে এসেছেন এবং তিনি নিশ্চুপ হয়ে যাননি। বিএনপি জনগণের সমর্থনে পরিচালিত রাজনৈতিক দল। তাই প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে দলের প্রতিনিধিদের সাথে সমন্বয় রেখে ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করার তাগিদ দেন তিনি।
দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগ এনে আনোয়ারা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি উপজেলার জয়কালী বাজার থেকে শুরু হয়ে আনোয়ারা সরকারি কলেজ ও থানার মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে লায়ন হেলাল উদ্দিনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গাজী মোহাম্মদ ফোরকান। সমাবেশে অন্য বক্তারা বলেন, একটি বিশেষ চক্র সুপরিকল্পিতভাবে নৈরাজ্য ও বিশৃঙ্খলা উসকে দিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব অপতৎপরতা রুখে দিতে দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, লায়ন হেলাল উদ্দিনের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কর্মসূচিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাস্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ ও জাগির হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ডা. আবুল কাশেম, আব্দুল মঈন চৌধুরী ছোটন, আব্দুল হক, আক্তারুজ্জামান, আবু সালেহ, নুরুল ইসলাম, টিপু চৌধুরী, মিজান এবং মোজাম্মেল হক।
যুবদল ও ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল কাদের জিয়া, যুবদল নেতা মোশাররফ হোসেন সোহেল, আমিন, এনাম, নুরুল আলম, ওসমান সিকদার, শাহজাহান, নুরুল কবির রানা ও আলফাজুর রহমান আরিফ। স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে অংশ নেন উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব মাহির, মো. হাসান, শামসুল ইসলাম এবং মুসা ইসলাম এরশাদ।
সমাবেশে আরও অংশ নেন আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, সিনিয়র সহসভাপতি ইমরান, সাংগঠনিক সম্পাদক তারেক এবং বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. তারেক ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিবসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন