সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৮:৪৯ পিএম
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দীর্ঘ ১৬ দিন পুরোপুরি বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
নৌরুটে ফিরল স্বস্তি।
এর আগে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে নদীতে তীব্র স্রোতের কারণে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগের মুখে পড়েন নিয়মিত যাতায়াতকারী যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকেরা। ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, এই নৌরুটে চলাচলের জন্য মোট দুটি ফেরি রয়েছে। তবে এর মধ্যে একটি ফেরি প্রায় দুই থেকে তিন মাস ধরে বিকল হয়ে অকেজো অবস্থায় পড়ে আছে। সচল থাকা একমাত্র ফেরিটিও পদ্মার ভয়াবহ স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ এই নৌরুটে পারাপার পুরোপুরি অচল হয়ে পড়েছিল। ফেরি চলাচল বন্ধ থাকার সময়ে রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী মানুষকে দূরবর্তী বিকল্প পথে চলাচল করতে হয়েছে। এতে যাত্রীদের একদিকে অতিরিক্ত সময় নষ্ট হয়েছে, অন্যদিকে গুনতে হয়েছে বাড়তি যাতায়াত খরচ।
দীর্ঘ ১৬ দিন পর মঙ্গলবার সকাল থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হওয়ায় এ পথে যাতায়াতকারী সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম জানিয়েছেন, পদ্মা নদীতে তীব্র স্রোত থাকার কারণে এতদিন নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার সকাল ১১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন