সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

৯৬-এর প্রেম জেগে উঠেছে‍‍`,জামায়াতকে ইঙ্গিত করে রাশেদ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৫:৫৫ পিএম

৯৬-এর প্রেম জেগে উঠেছে‍‍`,জামায়াতকে ইঙ্গিত করে রাশেদ

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পাতায় দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক আচরণ দেখে মনে হচ্ছে ১৯৯৬ সালের পুরোনো রাজনৈতিক ঘনিষ্ঠতা আবারও ফিরে এসেছে। এই সমীকরণের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান কী দাঁড়াবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

আগের দিনের বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন উল্লেখ করেন, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারকে দুটি বিরোধী শক্তির নানামুখী অপতৎপরতা মোকাবিলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। দেশের অভ্যন্তরেও বিভিন্ন স্থানে বাসে ও ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

জামায়াতের সংসদীয় ও মাঠের ভূমিকার সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, বিরোধী দল হিসেবে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে জামায়াত আওয়ামী লীগের দেখানো পথ অনুসরণ করছে। নির্বাচনের পর সংসদে দলটির সংসদ সদস্যদের দুর্বল ভূমিকার কারণে দেশি-বিদেশি বিভিন্ন মহলে জামায়াত কার্যকর বিরোধী দল হিসেবে গ্রহণযোগ্যতা পায়নি বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে এনসিপি জামায়াতের সাথে মিশে যাওয়ার কারণে তাদেরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ নষ্ট হয়েছে বলে অভিমত প্রকাশ করেন তিনি।

রাশেদের দাবি, বিরোধী দলের আসন ধরে রাখতে জামায়াত মাঠের আন্দোলনের দিকে ঝুঁকছে, আর সেই সুযোগে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবিলার সুযোগ থাকলেও জামায়াত কোনো পদক্ষেপ না নিয়ে নীরব রয়েছে বলে তিনি অসন্তোষ প্রকাশ করেন।