মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
তেলের মূল্য সমন্বয়

জ্বালানি তেলের দাম এখনও অনেক কম: রুহুল কবির রিজভী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৭:৩৬ পিএম

জ্বালানি তেলের দাম এখনও অনেক কম: রুহুল কবির রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

জ্বালানি খাতে সরকার বিপুল পরিমাণ লোকসান ও ভর্তুকির বোঝা বহন করছে। পরিসংখ্যান তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, দেশে গতকাল পর্যন্ত প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ১১৫ টাকা। বর্তমানে ২০ টাকা বাড়িয়ে তা ১৩৫ টাকায় সমন্বয় করা হয়েছে। তবে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজার থেকে প্রতি লিটার ডিজেল কিনতে হয় প্রায় ২০৫ টাকায়। এর ফলে দাম সমন্বয় করার আগে প্রতি লিটারে সরকারের লোকসান হতো প্রায় ৯০ টাকা। এখন দাম ২০ টাকা বাড়ানোর পরও সরকারকে প্রতি লিটারে প্রায় ৭০ টাকা লোকসান গুনতে হচ্ছে।

তিনি উল্লেখ করেন, দেশে বছরে মোট জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন, যার মধ্যে শুধু ডিজেলের পরিমাণই প্রায় ৪৫ লাখ মেট্রিক টন। হরমুজ প্রণালিসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ও পরিবহন ব্যবস্থা মারাত্মক চাপে পড়েছে। এর মধ্যেও সরকার বিশাল অঙ্কের ভর্তুকি দিয়ে তেলের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছে। মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর যে সাময়িক চাপ তৈরি হচ্ছে তা স্বীকার করে তিনি বলেন, আন্তর্জাতিক বাস্তবতায় মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না। বিরোধী দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সমালোচনার পাশাপাশি বিকল্প উপায়ে কীভাবে আরও কম দামে জ্বালানি সরবরাহ করা সম্ভব তা তুলে ধরা উচিত।

জ্বালানি পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে তা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা পরাজিত শক্তির দোসরদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান রুহুল কবির রিজভী।