মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর

তারেক রহমানের সফর ঘিরে নিউইয়র্কে মুখোমুখি আ.লীগ-বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০২:৩৭ পিএম

তারেক রহমানের সফর ঘিরে নিউইয়র্কে মুখোমুখি আ.লীগ-বিএনপি

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে ব্যানার ও রাজনৈতিক পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় দুই রাজনৈতিক পক্ষ দীর্ঘ সময় ধরে মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিলে প্রবাসী ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩৫ সদস্যের প্রতিনিধিদল নিয়ে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ছয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফর ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত হয়েছে। সফরকে স্মরণীয় করে রাখতে গত এক মাস ধরে প্রস্তুতি সভার পাশাপাশি নিউইয়র্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যানার ও পোস্টার সাঁটায় স্থানীয় নেতাকর্মীরা।

এরই মধ্যে সফর প্রতিহত করার পাল্টা কর্মসূচি ঘোষণা করে বিরোধী পক্ষ। এর জের ধরে গত রোববার বিকেলে জ্যাকসন হাইটসের ইত্যাদি বাজারের সামনে স্বাগত জানিয়ে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এই খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল বের করে ক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল চৌধুরী লিটন। যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহসভাপতি আতিকুল হক আহাদ জানান, ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা দুই ঘণ্টাব্যাপী উত্তেজনা ও পাল্টাপাল্টি স্লোগান চলে।

অন্যদিকে বিরোধী পক্ষে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ এবং যুবলীগ নেতা মিজান। তাদের পক্ষ থেকে জানানো হয়, তারা এই সফর প্রত্যাখ্যান করেছেন এবং জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালে অধিবেশন চত্বরের বাইরে বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছেন। ব্যানার ছেঁড়ার তীব্র নিন্দা জানিয়ে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, তাদের স্বাগত ব্যানার ছিঁড়ে ফেলার কারণেই তাৎক্ষণিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করা হয়। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, কেউ শক্তি প্রদর্শনের চেষ্টা করলে তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

ঘটনার খবর পেয়ে নিউইয়র্ক সিটি পুলিশের বিপুলসংখ্যক সদস্য দ্রুত ঘটনাস্থলে অবস্থান নিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির কারণে পরিস্থিতি আর কোনো বড় ধরনের সহিংসতায় গড়ায়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নিয়মিত টহল ও নজরদারি বহাল রাখা হয়েছে।