বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের পরিবার পেল ফ্ল্যাট

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৪:১১ পিএম

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের পরিবার পেল ফ্ল্যাট

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শহীদ ও আহত সদস্যদের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে এসব ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

রাজধানীর মিরপুর ডিওএইচএসে নবনির্মিত অপরাজিতা বহুতল ভবনে এই ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরাদ্দপত্রগুলো শহীদ ও আহত পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএস এলাকায় দুটি বহুতল ভবনে সর্বমোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এর মধ্য থেকেই বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় শহীদ ও গুরুতর আহত সদস্যদের পরিবারের জন্য ৭০টি ফ্ল্যাট চূড়ান্তভাবে বুঝিয়ে দেওয়া হলো।

অনুষ্ঠানে বরাদ্দপ্রাপ্ত পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনা সদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আত্মোৎসর্গকারী বীর সেনাসদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত কর্মকর্তারা।