মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
চাঞ্চল্যকর হত্যাকাণ্ড

দিনাজপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, মা সহ আটক ৩

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৩:৩৪ পিএম

দিনাজপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, মা সহ আটক ৩

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন টুডু সহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রিপন টুডুর স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার ভোরে একটি নির্দিষ্ট স্থান থেকে শিশুটির গলিত মরদেহ উদ্ধার করা হয়। সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের নশিপুর জামতলী এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুর মায়ের সাথে অভিযুক্ত ৩৫ বছর বয়সী রিপন টুডুর কথিত পরকীয়ার সম্পর্ক ছিল। শিশুটি নিখোঁজ হওয়ার পর স্থানীয় প্রশাসনের তৎপরতা জোরদার করা হয় এবং সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রিপন টুডুকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

এই ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির মা জিন্নাতুন, অভিযুক্ত রিপন টুডু এবং সুজন নামের আরেক ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দিনাজপুর কোতোয়ালী থানার পরিদর্শক মনিরুজ্জামান অভিযান ও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন পুরো ঘটনার আনুষ্ঠানিক বিবরণ তুলে ধরেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার পেছনের মূল কারণ উদঘাটনে বিস্তারিত অনুসন্ধান চলছে।