সেপ্টেম্বর ২২, ২০২৬, ১১:১৭ এএম
নেত্রকোনা-৪ আসনের আওতাধীন মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৪৭ জন নেতাকর্মী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়ন ও বিশেষ উদ্যোগে তারা এই সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাফেলাটির যাত্রা করার কথা রয়েছে।
লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা মো. হায়দার আলী জানান, সাবেক সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে নেত্রকোনা-৪ আসনের মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন এবং তিনি নিজে সহ মোট ৪৭ জনের পবিত্র ওমরাহ পালনের সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। তবে লুৎফুজ্জামান বাবর নিজে এই কাফেলার সঙ্গে যাচ্ছেন না। নির্বাচনি এলাকার দলীয় দায়িত্বশীলরা যাতে ধর্মীয় অনুশাসনের আলোকে নিজেদের পরিচালিত করতে পারেন, সেই লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ওমরাহ পালনে যাওয়া মোহনগঞ্জ উপজেলার ১৮ জন প্রতিনিধি হলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক পৌর আহ্বায়ক ফজলুল হক মাসুম, সাবেক উপজেলা সদস্য সচিব টিপু সুলতান, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক ইমরান খান চৌধুরী, সিনিয়র নেতা মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান খান রনি, সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাজমুস সাদী চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক কিরন খাঁ ও সাবেক সদস্য সচিব জাকির আহমেদ বাবু।
মদন উপজেলার ১৭ জনের তালিকায় রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সহসভাপতি আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে এলাহি টুটন, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল, উপদেষ্টা রমজান মাস্টার, সহসভাপতি সাইদুর রহমান সম্রাট, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল সভাপতি এস এইচ টিপুল, ছাত্রদল সভাপতি শামীম হাসান, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদল সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ বদরুজ্জামান মানিক ও সাবেক ওলামা দলের সভাপতি মুফতি আব্দুর রব।
খালিয়াজুরী উপজেলার ১১ জন হলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সহসভাপতি মাসুদ রানা, সহসভাপতি ইদ্রিস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তরুক, সদস্য হালিম আজাদ আকবরী, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়। এছাড়া এই প্রতিনিধিদলে কাফেলার সদস্য হিসেবে যুক্ত রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ার হোসেন।
নেতাকর্মীদের এই সফরের বিষয়ে খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, এতজন নেতাকর্মীকে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে পাঠানোর ব্যবস্থা করে লুৎফুজ্জামান বাবর উদার মানসিকতার পরিচয় দিয়েছেন এবং তার মতো একজন অভিভাবক পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। একই সাথে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন জানান, পবিত্র ওমরাহ পালনের এমন সুযোগ করে দেওয়ায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন