সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:৩৫ এএম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে। দুই দেশের সরকারপ্রধানের পারস্পরিক সুবিধাজনক সময় ও সুযোগ তৈরি হলে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া। এর আগে চলতি মাসের শুরুর দিকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন যে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা তৈরি হতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে সোমবার নিউইয়র্কে পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এটিই জাতিসংঘের মঞ্চে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণ হতে যাচ্ছে। নিউইয়র্কে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
বিমানবন্দর থেকে তাকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা করে নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয় এবং সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। এ বিষয়ে পরবর্তী কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বৈঠকের সময়সূচি নির্ধারণের চেষ্টা চলছে বলে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন