মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
ভারতীয় ক্রিকেট বিতর্ক

বিপ্রজ নিগমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ হায়দরাবাদের নারীর

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:৩০ এএম

বিপ্রজ নিগমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ হায়দরাবাদের নারীর

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের তরুণ স্পিনার বিপ্রজ নিগমের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। হায়দরাবাদের এক নারী এই অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ক্রিকেটার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার দাবি, তাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি ও হয়রানি করা হচ্ছে।

অভিযোগকারী জানান, ২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় গড়ে ওঠে। পরবর্তীতে সম্পর্কের গভীরতা বাড়ে এবং বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ওই বছরের ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও যৌন নির্যাতন করা হয়। ঘটনাটি নিয়ে গৌতম বুদ্ধ নগর জেলার এক্সপ্রেসওয়ে থানায় প্রথমে অভিযোগ এবং পরবর্তীতে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক মামলা নথিভুক্ত হয়।

নিগম এই অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন। এর আগে ২০২৫ সালের ৮ নভেম্বর বারাবাঁকি কোতোয়ালি থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন এই ক্রিকেটার। সেখানে নিগমের ভাষ্য, বিভিন্ন অপরিচিত মুঠোফোন নম্বর থেকে ফোন করে তাকে ক্রমাগত হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল। সম্প্রতি ওই নারী নিগমের বাড়ির সামনে কয়েক ঘণ্টা অবস্থান নিয়ে সরাসরি কথা বলার দাবি জানান। তবে ক্রিকেটার তখন ভারতে ছিলেন না।

নিগমের বাবা ফোনে ওই নারীর সাথে কথা বলে এক সপ্তাহের মধ্যে আলোচনার আশ্বাস দেন। ওই নারীও জানান, তিনি কোনো সংঘাত চান না এবং কেবল সামনাসামনি কথা বলতে আগ্রহী।

বাইশ বছর বয়সী বিপ্রজ নিগম উত্তর প্রদেশের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১৩ উইকেট। চোটের কারণে বরুণ চক্রবর্তী ছিটকে যাওয়ায় তিনি ভারতীয় জাতীয় স্কোয়াডে ডাক পান। জাপানের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা নিগম একইসাথে ২০২৬ এশিয়ান গেমসের দলেও অন্তর্ভুক্ত রয়েছেন। দুই পক্ষের আইনি টানাপোড়েনের মধ্যেই বর্তমানে জাতীয় দলের দায়িত্ব পালনে জাপানে অবস্থান করছেন এই খেলোয়াড়।