সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

জ্বালানি তেলের দাম সমন্বয়: কারণ জানালেন প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৬:৫৬ পিএম

জ্বালানি তেলের দাম সমন্বয়: কারণ জানালেন প্রতিমন্ত্রী

জ্বালানি তেলে ভর্তুকি অব্যাহত রাখলে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ত বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (২১ সেপ্টেম্বর) জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সরকারের এই নীতিগত অবস্থানের ব্যাখ্যা দেন। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে না পারায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান দিতে হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। গড়ে প্রতি মাসে সংস্থাটির লোকসান হয়েছে ৩ হাজার ৮১৩ কোটি টাকা।

দেশে বছরে আমদানি করা প্রায় ৭০ লাখ মেট্রিক টন জ্বালানি তেলের মধ্যে প্রায় ৪৫ লাখ মেট্রিক টনই ডিজেল। আন্তর্জাতিক বাজারে ডিজেলের গড় দর প্রতি লিটার প্রায় ২৫০ টাকা। দেশে সমন্বয়ের আগে দর ছিল ১৬০ টাকা, ফলে প্রতি লিটারে প্রায় ৯০ টাকা লোকসান বা ভর্তুকি গুনতে হচ্ছিল সরকারকে। নতুন করে সমন্বয় করার পরও প্রতি লিটার ডিজেলে গড়ে প্রায় ৭০ টাকা করে ভর্তুকি বহাল রাখতে হবে বলে জানান প্রতিমন্ত্রী। মূল্য সমন্বয় না করলে কেবল ডিজেল খাতেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা এবং সব ধরনের জ্বালানি মিলিয়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতো সরকারকে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিপুল এই ভর্তুকি অব্যাহত রাখলে সরকারি ভাতার ওপর নির্ভরশীল প্রতিবন্ধী সন্তানের মা কিংবা বিধবা নারীদের সামাজিক নিরাপত্তা বলয় ভেঙে পড়ত। অসচ্ছল পরিবারের জন্য মাসিক আড়াই হাজার টাকার পারিবারিক কার্ড চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং সম্প্রসারিত টিকাদান কার্যক্রমের মতো অত্যাবশ্যকীয় জনস্বাস্থ্য সেবা টিকিয়ে রাখতেই জ্বালানি তেলের ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। দাম কম থাকার কারণে আন্তর্জাতিক সীমান্তে তেল পাচারের গুরুতর ঝুঁকি তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

অমিত জানান, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশে তেলের দাম সর্বনিম্ন ছিল। ভারতে প্রতি লিটার ডিজেলের মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৩৪ দশমিক ৭৬ টাকা, মিয়ানমারে ১৬৪ দশমিক ৮৩ টাকা, নেপালে ১৬১ দশমিক ২৪ টাকা, শ্রীলঙ্কায় ১৭৯ দশমিক ৪২ টাকা, থাইল্যান্ডে ১৫১ দশমিক ২২ টাকা, ভিয়েতনামে ১৩৭ টাকা, মালদ্বীপে ১৪০ টাকা, ফিলিপাইনে ১৬৮ দশমিক ৫৩ টাকা এবং পাকিস্তানে ১৮৫ দশমিক ৪৮ টাকা। সংযুক্ত আরব আমিরাতেও প্রতি লিটার ডিজেলের মূল্য ১৪৪ দশমিক ৭৯ টাকা।

সামাজিক সুরক্ষা চলমান রাখা এবং প্রবাসী আয়ে কেনা জ্বালানি প্রতিবেশী দেশে পাচার রোধেই এই সমন্বয় করা হয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। মূল্য সমন্বয়ের চাপ সাধারণ মানুষের ওপর যাতে সর্বনিম্ন থাকে, সেজন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।